# Tags

ভালুকায় মাদকবিরোধী অভিযানে পিতা-পুত্র আটক, গাঁজা ও ইয়াবা উদ্ধার

মোঃ আক্কাছ আলী, ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি- ময়মনসিংহের ভালুকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে পিতা-পুত্রকে আটক করেছে ভালুকা মডেল থানা পুলিশ। শনিবার (২ আগস্ট)  উপজেলার ডাকাতিয়া ইউনিয়নের আউলিয়ারচালা এলাকা থেকে তাদেরকে আটক করা হয়। এসময় উদ্ধার করা হয়েছে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজা ও ৩০ (ত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট।

আটককৃতরা হলো—আউলিয়ারচালার মৃত আছান আলীর পুত্র মোঃ করিম মিয়া (৫৫) এবং তার ছেলে মোঃ আনোয়ার হোসেন (২৪)। তারা দীর্ঘদিন ধরে এলাকায় পেশাদার মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত বলে জানিয়েছেন স্থানীয়রা।

ভালুকা মডেল থানার এসআই (নিঃ) মোঃ মোশারফ হোসেন গোপন সংবাদের ভিত্তিতে সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ অভিযান চালিয়ে তাদেরকে আটক করেন। ঘটনার সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা পালানোর চেষ্টা করলে পুলিশ ধাওয়া দিয়ে পিতা-পুত্রকে আটক করতে সক্ষম হয়।

এ সময় ধৃত করিম মিয়ার দেহ তল্লাশির মাধ্যমে তার হেফাজতে থাকা ৫০০ গ্রাম গাঁজা ও ৩০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত গাঁজার আনুমানিক মূল্য ১৫ হাজার টাকা এবং ইয়াবার মূল্য প্রায় ৯ হাজার টাকা।

এ বিষয়ে ভালুকা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) হোমায়ুন কবির বলেন, “মাদক নির্মূলের লক্ষ্যে আমরা নিয়মিত অভিযান পরিচালনা করছি। গোপন সংবাদের ভিত্তিতে আউলিয়ারচালা এলাকায় অভিযান চালিয়ে করিম মিয়া ও তার ছেলেকে আটক করা হয়। তারা দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত ছিল। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।”

আটক দুই মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে ভালুকা মডেল থানায় মামলা নং-০৬, তারিখ- ০২/০৮/২০২৫ইং, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক)/১০(ক)/৪১ ধারায় মামলা রুজু করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ভালুকা থানা এলাকায় মাদক নির্মূলে ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।